তৃতীয় লিঙ্গের মেম্বার কোকিলাকে টাকার মালা পরিয়ে সম্মাননা

November 30, 2021 at 11:55PM
from JUGANTOR

তৃতীয় লিঙ্গের মেম্বার কোকিলাকে টাকার মালা পরিয়ে সম্মাননা
সারাদেশ
মাগুরা প্রতিনিধিমাগুরায় শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড থেকে নির্বাচিত তৃতীয় লিঙ্গের কোকিলাকে নগদ টাকার মালা গলায় পরিয়ে সম্মাননা জানিয়েছেন এলাকাবাসী।
আর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত কোকিলা সমাজের পিছিয়েপড়া মেয়েদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি অন্যদের যে মনোভাব সেটি দূর করে বৈষম্য নিরসনে কাজ করতে চান তিনি।
২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড থেকে তিনজন নারীকে হারিয়ে প্রায় ১ হাজার ১০০ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের সালাম মোল্যার সন্তান কোকিলা।
এলাকাবাসী জানান, কোকিলা অত্যন্ত সৎচরিত্রের একজন মানুষ। তার ব্যবহারের কারণে গ্রামের সবাই তাকে ভালোবাসে। আগে বাড়ি বাড়ি ঘুরে শিশুদের কোলে নিয়ে নেচে-গেয়ে বেড়াত। আর গ্রামের মানুষের সহায়তায় তার সংসার চলত। আর্থিক অবস্থা ভালো না থাকলেও সে সাধারণ মানুষকে নানাভাবে উপকার করেছে। যে কারণেই গ্রামের মানুষ তাকে জোর করে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছেন। অনেক ভোট পেয়ে নির্বাচিত হয়েছে কোকিলা।
এদিকে নির্বাচনে জয়লাভের পর কোকিলা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তার নির্বাচনী এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। গ্রামের সাধারণ মানুষ নবনির্বাচিত এই জনপ্রতিনিধিকে পেয়ে খুশি। আর খুশি ভালোবাসার বহি:প্রকাশ হিসেবে তারা বাড়ি বাড়ি থেকে নগদ অর্থ তুলে মালা বানিয়ে সম্মান জানিয়েছেন। যেখানেই যাচ্ছেন পাচ্ছেন নানা উপঢৌকনও।
২০১৩ সালে দেশে হিজড়া সম্প্রদায়ের মানুষদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ স্বীকৃতির কারণে তারা মূলধারার মানুষের পাশাপাশি কাজের সুযোগ পেয়েছেন বলে জানান নবনির্বাচিত ইউপি সদস্য কোকিলা।
তিনি বলেন, হিজড়াদের অনেকেই নানাভাবে উপহাস করে থাকেন। অথচ সুযোগ পেলে তারাও মানুষের কল্যাণে কাজ করতে পারেন। আমি ইউপি মেম্বার হিসেবে নিজের সাধ্যের মধ্য থেকে এ বৈষম্য দূরীকরণে কাজ করতে চাই। পাশাপাশি গ্রামের মেয়েরা নানাভাবে বঞ্চনার শিকার। বঞ্চিত ও পিছিয়ে থাকা সেইসব নারীদের জন্যও কাজ করে যেতে চাই।