ঢাকায় পথনাটক ‘জঙ্গি হামলা ২৬/১১’

November 26, 2021 at 10:46PM
from JUGANTOR

ঢাকায় পথনাটক ‘জঙ্গি হামলা ২৬/১১’
নাটক
যুগান্তর ডেস্ক২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে ভয়াবহ জঙ্গি-সন্ত্রাসী হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে পথনাটক মঞ্চস্থ করেছেন দেশের একদল নাট্যকর্মী। তারা পথনাটকের মাধ্যমে ওই বর্বর হামলার প্রতিবাদ এবং হামলার মদদদাতা পাকিস্তানের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তারা মঞ্চস্থ করেন পথনাটক ‘জঙ্গি হামলা ২৬/১১’।
ওপেন ডায়ালগ বাংলাদেশের (ওপিডি) আয়োজনে এবং সামাদ ভূঞা ও তার দলের পরিবেশনায় এই পথনাটকে ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তানের জঙ্গিদের নারকীয় তাণ্ডবের ভয়াবহতা তুলে ধরেন। যে তাণ্ডবে রক্তাক্ত হয়েছিল মুম্বাই শহর। সেই হামলায় প্রাণ যায় ১৬৪ জনের। আহত হন আরও ৩ শতাধিক মানুষ। ২৬/১১ নামে পরিচিত ওই হামলায় সেদিন গোটা বিশ্ব কেঁপে ওঠে।
পথনাটকটিতে কীভাবে পাকিস্তান থেকে আরব সাগর পেরিয়ে ভারতের মুম্বাইতে অনুপ্রবেশ করে ১০ জঙ্গি ক্যাফে, তাজ হোটেল, বাস টার্মিনাল, হোটেল, হাসপাতালসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় হামলা এবং নির্বিচারে গুলিবর্ষণ করে- তা ফুটিয়ে তোলেন শিল্পীরা।
এতে অভিনয় করেন উম্মে সামলা শিমু, সাদিয়া ইসলাম অনন্যা, সুমি আক্তার, লামিয়া আক্তার, স্মৃতি আক্তার, নাবিল মাহমুদ সাব্বির, সাজ্জাদ মাসুদ সৌম্য, আরিফুল ইসলাম, শাহরিয়ার শুভ, তাহফিমুল ইসলাম অপু ও ইয়াহিয়া বিন জয়।
পথনাটকের শুরুতে উপমহাদেশে জঙ্গি হামলার প্রতিবাদে সচেতনতামূলক সংগীত পরিবেশন করা হয়। পথনাটকটি রচনা ও পরিচালনা করেছেন সামাদ ভূঞা।