কলকাতা ছেড়েছে সাকিবকে, রাজস্থান মুস্তাফিজকে
December 01, 2021 at 05:58AM
from somoynews.tv | RSS Feed
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরকে সামনে রেখে শুরু হচ্ছে নিলাম প্রক্রিয়া। তার আগে বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে তাদের নিজ নিজ দল।
সাকিবকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স, মুস্তাফিজকে ছেড়েছে রাজস্থান রয়্যালস।
সাকিব আল হাসান গত মৌসুমে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। টুর্নামেন্টের ভারত পর্বে ব্যাট-বল হাতে খুব বেশি আলো ছড়াতে পারেননি তিনি। ভারত পর্বে ৩ ম্যাচে ব্যাট হাতে মাত্র ৩৮ রান ও বল হাতে ২ উইকেট নেন তিনি। ফলে একাদশ থেকে জায়গাও হারান সাকিব।
শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে আবার সুযোগ পেয়ে তুলনামূলক ভালো করেন সাকিব। তার দলও খেলেছে প্রতিযোগিতাটির ফাইনালে। এবার সেই কলকাতা ছেড়ে দিয়েছে সাকিবকে। প্রতিযোগী দলগুলোকে খেলোয়াড় ধরে রাখার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
গত আসর থেকে প্রতি ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ চার জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছিল। কলকাতা চারজনকে এবার ধরে রেখেছে। তারা হলেন- ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন, আন্দ্রে রাসেল এবং ভারতের বরুন চক্রবর্তী ও ভেঙ্কাটেশ আইয়ার।
মুস্তাফিজুর রহমান গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ ফর্মে ছিলেন। এক প্রকার তিনি দলের পেস অ্যাটাককে নেতৃত্ব দিয়েছেন। সেই রাজস্থানও ধরে রাখেনি কাটার মাস্টারকে। তারা একজন বিদেশিসহ ধরে রেখেছে সাঞ্জু স্যামসন, জস বাটলার ও জয়সওয়ালকে।
আরও পড়ুন: বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন পাকিস্তান অধিনায়ক
মুস্তাফিজ আইপিএলের গত আসরে রাজস্থানের হয়ে ৮.৪১ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। নিলামে তাকে ১ কোটি রুপিতে দলে নিয়েছিল রাজস্থান। ২০১৬ আসরে ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল অভিষেকেই বাজিমাত করেন তিনি। পুরো টুর্নামেন্টে শিকার করেছিলেন ১৭ উইকেট, হয়েছিলেন সেরা ইমার্জিং প্লেয়ার।
]]>