‘প্রয়োজনে একবারের জায়গায় দুইবার, তিনবার ভোট দেবেন’
November 22, 2021 at 06:45AM
from somoynews.tv | RSS Feed
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক বলেছেন, ‘আমার ভোট আমি দেব ওপেন দেব, টেবিলে রেখে দেব। প্রিজাইডিং, পোলিং অফিসার ও পুলিশের কিছুই করার নেই। ভোটকেন্দ্র নিজেদের দখলে নেবেন।’
শনিবার (২০ নভেম্বর) রাতে আব্দুল খালেকের দেওয়া এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফলে আগামী ২৮ নভেম্বর তৃতীয় দফার ইউপি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ও নিশ্চিন্তে ভোটপ্রদান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বানিয়াপুকুর গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী মো. দেলবার হোসেনের পক্ষে আওয়ামী লীগের কর্মী সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি কর্মী ও ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা একবারের জাইগায় দুইবার, প্রয়োজনে তিনবার ভোট দিবেন। চেয়ারম্যান ভোট ওপেন দেবেন। মেম্বার ভোট গোপনে দেবেন। সবাইকে জানিয়ে দেবেন এটা আমাদের সিদ্ধান্ত। কেউ ধাক্কা দিলে, তাকে পাল্টা ধাক্কা দিবেন। কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা বসে থাকব না। সাথে সাথে আমাকে জানাবেন। ভয় করবেন না। মনে রাখবেন আমাদের সাথে প্রধানমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, এমপি ও আমি উপজেলা চেয়ারম্যান আছি।’
আরও পড়ুন: নৌকায় ভোট না দিলে গ্রাম ছাড়া করার হুমকি, ভিডিও ভাইরাল
তিনি কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রের দখল ও নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেবেন। তবে অনুরোধ সবাইকে ওপেন ভোট দেওয়ার এবং যতবার খুশি ততবার ভোট দেওয়ার সুযোগ করে দেবেন। ১০০ পার্সেন্ট যেন ভোট পোল হয় সেই ব্যবস্থা করবেন। মনে রাখবেন-নৌকার ভোটটি টেবিলে রেখে প্রকাশ্যে দেবেন আর মেম্বারদের ভোটটি গোপনে দেবেন। মেম্বার প্রার্থীর এজেন্টদের বলে দেবেন তারা এভাবেই যেন বলে দেয় ভোটারদের। নৌকা ছাড়া চেয়ারম্যান অন্য প্রার্থীদের এজেন্টদের কষ্ট করে ভোট কেন্দ্রে আসার দরকার নেই।’
এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
আওয়ামী লীগের ওই কর্মী সভায় দলীয় সমর্থিত নৌকা চেয়ারম্যান প্রার্থী মো. দেলবার হোসেন, ষোলটাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক আহার আলী, আওয়ামী লীগ নেতা ময়নুল হকসহ দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
]]>